দেশে চলছে কঠোর লকডাউন। এর মেয়াদ শেষ হলেই প্রধানমন্ত্রীর কাছে আবারও প্রণোদনার জন্য আবেদন করবে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এপপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
সংগঠনটির সভাপতি একেএম সেলিম ওসমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। শনিবার (২৪ জুলাই) সংগঠনের ওয়েবসাইটে চিঠিটা পাওয়া যায়।
ঈদের পর থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধে সকল কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, বর্তমানে আমরা যে কঠিন সময় পার করছি, সে বিষয়ে সরকার অবগত। চলতি বিধিনিষেধ শেষ হলে প্রধানমন্ত্রীর কাছে ফের প্রণোদনা চেয়ে আবেদন করা হবে। তার বিশ্বাস, অতীতের মতো ভবিষ্যতেও প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়াবেন।
বিকেএমইএ সভাপতি ওই চিঠিতে লিখেন, মহামারি থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য আর্থিক ক্ষতি হবে জেনেও বিধিনিষেধ মেনে চলতে হবে। ১৪ দিনের এই বিধিনিষেধে রপ্তানি পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে তা ঠিক, কিন্তু ভবিষ্যতে করোনামুক্ত পরিবেশে ব্যবসা করার জন্য এই ত্যাগ স্বীকার করতে হবে। এ সময় তৃতীয় পক্ষের পরামর্শ না নিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী বিধিনিষেধ মেনে চলতে কারখানার মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
এর আগে গতবছর মার্চে একের পর এক ক্রয়াদেশ বাতিল হয়ে যাওয়া ও স্থগিতের আদেশ পাওয়ার পর পোশাক শিল্প মালিকরা আতঙ্কিত হয়ে পড়ে। তখন শ্রমিকদের ৩ মাসের মজুরি দেওয়ার জন্য ৫ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। ওই ঋণের বিপরীতে সেবা মাশুল ছিল ২ শতাংশ। পরে পোশাকশিল্পের মালিকরা আরও এক মাসের মজুরি দেওয়ার জন্য ঋণ দাবি করেন। সরকারও তা মেনে নেয়।
বার্তা বাজার/এসজে