প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘরে পাল্টাপাল্টি তালা ঝুলিয়ে দেওয়াকে কেন্দ্র করে ভূমিহীনদের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কমপক্ষে আহত হয়েছে ৫ জন।
শনিবার (২৪ জুলাই) বিকেলে ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের (রাণী দিঘী-২) আশ্রয়ণ প্রকল্পে ।
স্থানীয়রা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ী বরাদ্দ হয়েছে এমন তালিকাভুক্ত ভূমিহীনরা প্রতিটি ঘর আওতায় রাখার জন্য তারা ঘরে তালা ঝুলিয়েছে। আবার বেশির ভাগ ঘরে ডাবল তালা ঝুলানো দেখা গেছে। শনিবার (২৪ জুলাই ) আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ঘরে ডাবল তালা লাগানো কে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এসময় আহত হয়েছে ইয়াকুব আলী (৫০), খতেজা (৩৫), মমিনুল (১৬), বাবুল(৩৫) ও সাইফুল। তারা এখন রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপকারভোগী ও স্থানীয়দের মধ্যে বেলাল,বিউটি আক্তার সহ আরো অনেকে বলেন, ইয়াকুব আলী ৩ টি ঘরে তালা ঝুলিয়ে তার দখলে রেখেছে। ৩টির মধ্যে ১ টি ঘর আঃ খালেকের লোকজন দখল করার চেষ্টা করলে প্রতিপক্ষ ইয়াকুবের লোকজন বাঁধা দেয়। এক পর্যায় ভূমিহীনের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়।
বিউটি বলেন, ইতোমধ্যে পীরগঞ্জ উপজেলায় লটারির মাধ্যমে শান্তি শৃংখলার মধ্য দিয়ে ভূমিহীনরা ঘরে উঠেছে। আশাকরি এখানেও লটারির মাধ্যমে ভূমিহীনদের ঘর দেওয়া হবে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা বলেন, যারা এধরনের বিচ্ছিন্ন ভাবে অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মো: সবুজ ইসলাম/বার্তা বাজার/টি