করোনাকালে ভেঙ্গুর প্রকোপ বেড়েছে আশংকাজনকভাবে। রাজধানীতে এডিস মশার বংশ বিস্তারের জন্য ১৭টি স্থানকে হটস্পট বিবেচনা করে দ্রুত (সোমবার থেকে) ওষুধ ছিটানোর জন্য দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার (২৫ জুলাই) সচিবালয়ে ডেঙ্গু সংক্রান্ত এক জরুরি বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া একটি প্রতিবেদনকে আমলে নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়।
দুই সিটি করপোরেশনের মেয়রকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা ও মোহাম্মদপুর- এই জায়গালোকে হটস্পট হিসেবে বিবেচনা করে আগামীকাল (২৬ জুলাই) থেকে মশা নিধনের ওষুধ দেবেন।
তিনি বলেন, সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে। সেটা কীভাবে বাস্তবায়ন করবে, সে ব্যাপারে সিটি করপোরেশন থেকে মন্ত্রণালয়ে তথ্য প্রদান করবে। আমরা আগে একটি সেল গঠন করেছিলাম। এবারও একটি সেল গঠন করে দেওয়া হলো। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনকে সার্বিক তদারকির জন্য এ সেল গঠন করা হলো।
বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসজে