কোরবানির পশুবাহী ট্রাকের চালক হত্যা মামলায় আটক ২
চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুর এলাকায় কোরবানির গরুবাহী ট্রাকে ডাকাতিকালে চালক আব্দুর রহমান উরুফে আবদুল (৩৫) হত্যাকান্ডের সাথে জড়িত দুই জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, রাউজান চুনাতিয়া এলাকার আব্দুল করিমের ছেলে সাদ্দাম হোসেন উরুফে বাচা (৩১) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে মোঃ তুহিন (১৯)।
রোববার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার ( ২৪ জুলাই) বিকেলে ঢাকা সাভারের দেওগা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিকালে ট্রাক চালক আব্দুর রহমানকে গুলি করে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব ।
র্যাব সূত্রে আরো জানাযায়, গত ১৬ জুলাই চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সলিমপুর এলাকায় কোরবানি পশুবাহী ট্রাক ডাকাতির উদ্দেশ্যে হামলা চালিয়ে ট্রাক ড্রাইভার আব্দুর রহমান উরুফে আবদুল (৩৫) কে গুলি করে হত্যা করে।
এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সীতাকুন্ড থানায় অজ্ঞাতনামা ৮/৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে র্যাব-৭ ছায়া তদন্তে মাঠে নামলে হত্যাকান্ডের সাথে জড়িত দুই জনকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা সাভার থানার দেওগা এলাকা হতে তাদের আটক করে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/টি