বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ

মুহাম্মদ উল্যাহ সজীব, নোয়াখালী (সেনবাগ-সোনাইমুড়ী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণীর কথিত প্রেমিক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) রাতে ধর্ষণের ঘটনায় শুক্রবার (২৮ জুন) সকালে মেয়েটি বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি বেগমগঞ্জ উপজেলায়।

আসামিরা হলেন- রফিকুল ইসলাম জয়, সাজ্জাদ হোসেন বাবু এবং সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বেগমগঞ্জের আপানিয়া এলাকার বাসিন্দা রফিকুল বুধবার ওই তরুণীকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের সাজ্জাদ হোসেন বাবুর বাড়িতে নিয়ে যায়। সেখানে রফিকুল, বাবু ও সাইফুল মিলে তাকে দলবেঁধে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে বৃহস্পতিবার (২৭ জুন) রাতে তারা থানায় খবর দেন।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সামাদ জানান, খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামি রফিকুলকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর