পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক আব্দুল হক (৫৫) হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার (২৪ জুলাই) আবেদন করেন।শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত ৩ জনই এজাহারনামীয় আসামী।
জানা গেছে, উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মোতালেব শিকদার ও নাসির হাওলাদার গংদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে গত শুক্রবার (২৩ জুলাই) সকালে বিরোধীয় ওই জমি চাষাবাদ নিয়ে মারামারির ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর জখম আঃ হক শিকদার বরিশাল মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
এ ঘটনায় আঃ গনি শিকদারের পুত্র রুহুল শিকদার বাদী হয়ে আঃ খালেক হাওলাদারের পুত্র ছগির হাওলাদারকে (৩৫) ১নং আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঠবাড়িয়া থানা পুলিশ কৃষক হত্যার এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ জনের রিমান্ড মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন থেকে রিমান্ড কার্যকর হবে তা জানা যায়নি।
বার্তা বাজার/এসজে