একের পর এক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের নারী বিষয়ক উপ-কমিটি থেকে হেলেনা জাহাঙ্গীরের সদস্য পদ বাতিলের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
তিনি জানান, উনি তো (হেলেনা জাহাঙ্গীর) কুমিল্লা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী পরিবারের হিসেবেই আমি জানি। ওনার জয়যাত্রা টেলিভিশন নামে একটা মিডিয়া আছে, যেটার সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মহোদয় আছেন। এই সুবাদেই উপকমিটিতে ওনাকে আমরা রেখেছি।
তিনি আরও বলেন, কিন্তু উনি কী করছেন…আমাদের না জানিয়ে করছেন। আমি ইতোমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি, তাকে চিঠি দিয়ে দেয়া হয়েছে। আমাদের উপকমিটিতে যেহেতু তিনি নিয়মনীতি ভঙ্গ করেছেন, তিনি কী করছেন, আমাদের জানাননি, তার সদস্যপদ আমরা বাতিল করে দিয়েছি।
আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দেওয়া হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার।
ফেসবুকে সম্প্রতি ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
চাকরিজীবী লীগ নামে সংগঠনের দাবি, তারা দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
তবে হেলেনা জাহাঙ্গীর বলেন, আমি এখন পর্যন্ত অফিসিয়াল কোনো চিঠি পাইনি। এ রকম সিদ্ধান্ত নেওয়া হলে আমার কিছু করার নেই।
বার্তা বাজার/এসজে