লকডাউনের দ্বিতীয় দিনে কেরানীগঞ্জে ঢিলেঢালা ভাব

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া প্রজ্ঞাপন বাস্তবায়নে উপজেলা প্রশসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকলেও, নানা কাজ আর অজুহাতেই সাধারণ মানুষ বেড়িয়েছে ঘরের বাইরে। সরকার ১৪ দিনের যে কঠোর লকডাউন ঘোষণা করেছে তার দ্বিতীয় দিনে বেশ ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলায়।

শুক্রবার (২৩ জুলাই) প্রথম দিনের তুলনায় শনিবার(২৪ জুলাই) দ্বিতীয় দিনে রাস্তায় লোক সমাগমের পাশাপাশি ইজিবাইক-রিকশা ও ব্যক্তিগত গাড়ি তুলনামূলক বেশি চলাচল করতে দেখা গেছে।

কেরানীগঞ্জের বিভিন্ন মোড়ে ও পয়েন্টে পুলিশের বেশকিছু তল্লাশি চৌকি থাকলেও কয়েকটি চৌকিতে তেমন কড়াকড়ি ছিল না। কোনো কোনো এলাকায় লোকজনকে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে দেখা গেছে। কোথাও আবার অলি-গলির রেস্টুরেন্টে বসিয়ে খাবার পরিবেশন করতেও দেখা গেছে। এছাড়া কিছু কিছু জায়গায় দোকান খোলা রেখেছে দোকানীরা। তবে বাজারগুলোতে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কেনাকাটা।

এদিকে প্রথম দিন থেকেই উপজেলা প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধি মানতে ও লকডাউন কার্যকর করতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এসময় স্বাস্থ্যবিধি না মানা, দোকান খোলা রাখা ও অহেতুক ঘোরাঘুরির দায়ে প্রথম দিনেই ভ্রাম্যমাণ আদালত সর্বমোট ৭৬টি মামলায় ৩৬ হাজার ৬’শ টাকা জরিমানা করেন। এছাড়া একজনকে কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে আজও সকাল থেকে লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে প্রশাসন। বিভিন্ন স্থানে জরিমানা করা হচ্ছে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন জানান, কেরানীগঞ্জ উপজেলার বাবুবাজার ব্রীজ, কদমতলী, চুনকুটিয়া ও ধলেশ্বরী জোড়া ব্রীজ এলাকাসহ বিভিন্ন এলাকায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে বিজিবি ও পুলিশ নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছি। আজ সকাল থেকে এ পর্যন্ত ৩৮জনকে ৩৮টি মামলায় ১১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের এ অভিযান চলমান থাকবে।

রানা আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর