বিধি-নিষেধের দ্বিতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা

সরকার ঘোষিত বিধি-নিষেধের দ্বিতীয় দিন অনেকটাই ফাঁকা ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। এ সড়কে হঠাৎ দু-একটি দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেলেও রীতিমত চলছে গণপরিবহনে নিয়োজিত থ্রি হুইলার। চলছে পন্যপরিবহন, ভাড়ায় চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট কার আর ব্যক্তিগত যানবাহন। তবে দেখা যায়নি পিকআপে যাত্রী পরিবহন।

শনিবার (২৪ জুলাই) কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিন ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাসে সকাল থেকে দুপুর পর্যন্ত এ চিত্র দেখা গেছে। এ সময় দেখা গেছে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছে শ্যামলী পরিবহনের একটি এসি বাস আর টাঙ্গাইলে প্রবেশ করছে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের একটি যাত্রীবাহী বাস। এছাড়াও মহাসড়ক হয়ে থ্রি হুইলারে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলাসহ চন্দ্রা পর্যন্ত চলাচল করছেন যাত্রীরা।

মহাসড়কে অপেক্ষারত নজরুল নামের এক পোশাক শ্রমিক জানান, পাঁচ ঈদের ছুটিতে বাড়ি আসছিলাম। কাজ করি গাজীপুরের একটি পোশাক কারখানায়। বাসের জন্য অপেক্ষা করতাছি। আজ রাত থেকেই ডিউটি। রাস্তায় বাস নাই, থ্রি হুইলার গুলোও ১’শ টাকার ভাড়া চাচ্ছে ২’শ টাকা। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী সোনা মিয়া বলেন, মহাসড়কে ভোর থেকে মাত্র চার-পাঁচটি বাস দেখেছি। তবে বাসগুলোতে যাত্রী ছিল কিনা, সেটি দেখি নাই। গতকাল যে ভাবে বাস চলছে, আজকে সেটি দেখা যাচ্ছেনা।

আশেকপুর বাইপাসে দায়িত্বরত টাঙ্গাইল সদর মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) মোসলেম বলেন, সকাল ৮টা থেকে ডিউটি করছি। মহাসড়কে যান চলাচল খুবই কম।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মহাসড়ক প্রায় ফাঁকা। এ সড়কে পণ্যপরিবহনে নিয়োজিত আর কিছু ব্যক্তিগত যানবাহন ছাড়া তেমন একটা যানবাহনের চাপ নেই। দূরপাল্লার বাস নেই, এরপরও কোন বাস মহাসড়কে দেখলেই মামলা দেয়া হচ্ছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর