চট্টগ্রামে বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত জেলেদের মাছ ধরা
বৈরী আবহাওয়ার দরুন সাগরে মাছ ধরতে যেতে পারছেননা চট্টগ্রামের জেলেরা। শনিবার (২৪ জুলাই) সকাল হতে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার দরুণ বাধাগ্রস্ত হয়েছে চট্টগ্রামের জেলেদের মাছ ধরার প্রস্তুতি।
শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাত থেকে সাগরে মাছ ধরতে যেতে চট্টগ্রামের নতুন ফিশারিঘাটে ২২০টি এবং পুরনো ফিশারিঘাটে ৬৮টি আড়তেও মাছ ধরার সকল প্রস্তুতি নিলেও মাছ ধরতে যেতে পারেননি জেলেরা। আবহাওয়া ঠিক হওয়ার অপেক্ষায় বসে আছে সকল ফিশিং ট্রলার।
নগরীর মাঝিরঘাট, চাক্তাই, ফিসারিঘাট, ফিরিঙ্গিবাজার, পাথরঘাটা, কাট্টলী, পতেঙ্গা ও জেলার বাঁশখালী, সীতাকুণ্ড এবং আনোয়ারা উপকূলে মাছ ধরার ট্রলার নিয়ে প্রস্তুত ছিলেন জেলেরা। কয়েকটি ট্রলার যাত্রা করলেও বৈরি আবহাওয়ার কারণে আবারও ঘাটে ফিরে এসেছে।
ফিরিঙ্গিবাজারের ফিশিং ট্রলারের মাঝি ছালে আহমদ বলেন, বঙ্গোপসাগরে ১০ হাজারের বেশি ফিশিং ট্রলার মাছ শিকার করে। এছাড়া কয়েকশ ফিশিং জাহাজও রয়েছে। শনিবার (২৪ জুলাই) সকালে সাগরে যেতে প্রস্তুত ছিলাম। কিন্তু আবহাওয়া খারাপ। তাই ভালো আবহাওয়ার অপেক্ষায় আছি।
জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলায় মোট ২৫ হাজার ৬৭৫ জন জেলে রয়েছে। এর মধ্যে মহানগরে আছেন প্রায় ৩ হাজার জেলে। ২৬শ জন সাগরে মাছ ধরেন এবং প্রায় ৪শ জন মোহরা এলাকায় মাছ ধরা জেলে। মহানগরে ফিরিঙ্গিবাজার, পতেঙ্গা, আকমল আলী রোড, উত্তর কাট্টলী, দক্ষিণ কাট্টলীসহ মোট ৯টি ওয়ার্ডে ৩ হাজার জেলে আছেন। মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকলে তাদেরকে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়।
বার্তাবাজার/পি