জরিমানার পরিবর্তে খাদ্য সহায়তা দিয়ে রিকশাচালকদের বাড়ি পাঠালেন ইউএনও

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করে পিরোজপুরে অটোরিকশা নিয়ে বের হওয়া চালকদের জরিমানা না করে খাদ্য সহায়তা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদ।

শনিবার (২৪ জুলাই) পিরোজপুর পৌরসভার বিভিন্ন স্থানে ঘুরে অটোরিকশা চালকদের এ খাদ্য সহায়তা দেন ইউএনও বশির আহমেদ।

তিনি জানান, কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে পিরোজপুরের সদর উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় কিছু অটোচালক ও রিকশাচালককে গাড়ি চালাতে দেখা যায়। লকডাউনের আদেশ মেনে চলে গাড়ি চালানো বন্ধ রাখার জন্য চালকদের জরিমানা না করে খাদ্য সামগ্রী দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ সময় তাদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়।

আজ সকালে ইউএনও বশির আহমেদের নেতৃত্বে পৌর এলাকার পাড়েরহাট রোড, বাসস্ট্যান্ড, রানীপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে প্রায় শতাধিক চালকদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস।

প্রত্যেক চালককে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে ভিন্নভাবে দেখছেন চালক ও স্থানীয়রা।

এ প্রসঙ্গে ইউএনও বশির আহমেদ বলেন, অটোরিকশা চালকরা পেটের দায়ে গাড়ি নিয়ে সড়কে বের হয়েছে। তাদের প্রথমেই জরিমানা করলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই বিষয়টি মানবিকভাবে চিন্তা করে তাদের জরিমানা না করে লকডাউন কার্যকর করতে উৎসাহিত করাসহ তাদের এক সপ্তাহের খাদ্য সামগ্রী দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

ইউএনও’র উদ্যোগে খাদ্য সহায়তা পেয়ে দারুণ খুশি অটোরিকশা চালকরা। তারা লকডাউনের বিধিনিষেধ মেনে চলবে বলেও জানিয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর