মেঘনায় জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ
লক্ষ্মীপুর কমলনগরের মেঘনায় জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ। ২১ কেজি ৬শ গ্রাম ওজনের ৭ ফুট লম্বা মাছটির পিঠের অংশে অনেকটাই পাখির পাখার মতো পাল রয়েছে। তাইতো জেলেরা মাছটির নাম দিয়েছে পাখি মাছ।
শুক্রবার(২৩ জুলাই) রাত সাড়ে ১১ টায় উপজেলার পাটওয়ারীর হাট ইউনিয়নের স্থানীয় জারিরদোনা মাছঘাটে মাছটি বিক্রি করে দেয়া হয়। মাছটি প্রথমে ২ হাজার ৫শ টাকায় স্থানীয় এক ব্যবসায়ী কিনলেও পরবর্তীতে তা একই দাম দিয়ে দশ ভাগে কিনে নেয় স্থানীয় কয়েকজন।
এসময় ঘাটে ভিড় জমায় উৎসুক জনতা। বিরল প্রজাতির মাছটি একনজর দেখার জন্য জড়ো হয় বিভিন্ন বয়সী মানুষ। জেলেদের জালে এমন বিরল প্রজাতির মাছ কখনো পাওয়া যায়নি বলে জানান জেলেরা।
এটি মূলত সামুদ্রিক মাছ। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সমুদ্র থেকে মাছটি মেঘনায় চলে এসেছিল বলে ধারণা করছেন কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কাদ্দুছ।
তিনি বলেন, স্বাভাবিকত মেঘনায় এমন মাছ পাওয়া যায় না। আর পাখির মতো পাখা থাকায় জেলার নাম দিয়েছে পাখির মাছ।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি