টাঙ্গাইলে লকডাউনের প্রথম দিনে ৭১ মামলায় ২৯ হাজার জরিমানা
টাঙ্গাইলের বাসাইল, সখীপুর ও গোপালপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৭১ মামলায় ২৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১৫ টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা আদায় করেন বাসাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন। তিনি জানান, লকডাউন অমান্য করায় আজ লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে সখীপুরে ৩৩ টি মামলায় ১৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে সখীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় গোপালপুর পৌরশহরে ২৩টি মামলায় ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি