কেরানীগঞ্জে বিধিনিষেধের প্রথম দিনেই জরিমানা ৩৬ হাজার, কারদণ্ড ১ জনের
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের প্রথম দিন সকাল থেকেই ঢাকার কেরানীগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তায় যানবাহন ও লোকজন কম দেখা গেছে। কিছু স্থানে ইজিবাইক, প্রাইভেট কার, এমনকি ট্রাক চলতেও দেখা গেছে। তবে পাড়া–মহল্লা ও অলিগলির দোকানপাট খোলা ছিল।
শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে কেরাণীগঞ্জ উপজেলার হাসনাবাদ, কদমতলী, বাবুবাজ সেতুর প্রবেশ মুখ, আগানগর ও জিনজিরাসহ বেশকিছু এলাকার বিভিন্ন সড়কে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধি মানতে ও লকডাউন কার্যকর করতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এসময় স্বাস্থ্যবিধি না মানা, দোকান খোলা রাখা ও অহেতুক ঘোরাঘুরির দায়ে প্রথম দিনেই ভ্রাম্যমাণ আদালত সর্বমোট ৭৬টি মামলায় ৩৬ হাজার ৬’শ টাকা জরিমানা করেন। এছাড়া একজনকে কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও বিজিবি সদস্যরা। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে আগের বারের মতোই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী।
রানা আহমেদ/বার্তা বাজার/এসজে