করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশে আবারও জারি করা হয়েছে কঠোর লকডাউন। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ২৩ দফা নির্দেশনা অনুযায়ী শুরু হয়েছে এই লকডাউন। চলবে টানা ৫ই আগস্ট মধ্যরাত পর্যন্ত।
এর আগে গত ১৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়, ১৪ দিনের বিধি-নিষেধ চলাকালীন কাঁচাবাজার ও অন্যান্য নিত্যপণ্যর বাজার স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা খোলা রাখা যাবে।
সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে বলেও উল্লেখ রয়েছে। এসময় সব ধরনের শপিংমল/মার্কেট বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।
প্রসঙ্গত, এর আগের বার বিধি নিষেধ জারির সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা নাগাদ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময়সূচি নির্ধারিত ছিল। এবার তা কমানো হয়েছে আরও ২ ঘন্টা। তবে নানা অজুহাতে ব্যবসায়ীরা এই সময়ের বাইরেও তাদের দোকান খোলা রাখতে দেখা গেছে।
বার্তা বাজার/এসজে