কঠোর লকডাউনের পরও ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকাল থেকেই যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে বাসের সংখ্যা স্বাভাবিক দিনের চেয়ে কম।
শুক্রবার (২৩ জুলাই) বেলা ১১টায় মহাসড়কের বিভিন্নস্থানে ঢাকামুখী যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে মহাসড়কে মালবাহী ট্রাক ও কিছু সংখ্যক বাস ছাড়া তেমন কোনো পরিবহন চলাচল করছে না।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২ টা পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে বাসগুলো মহাসড়কে চলাচল করছে।
এদিকে ঈদের পরের দিন যাত্রী আনতে ঢাকা থেকে ফাকা অবস্থায় শতশত বাস উত্তর ও পশ্চিমাঞ্চলে গিয়েছিল।
মহাসড়কে চলাচলকারী চালকরা জানান, উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় খালি বাস নিয়ে যাত্রী আনতে গিয়েছিলাম। শুক্রবার সকালে যাত্রী পেয়েই রওনা হয়েছি ঢাকামুখে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, পোশাক কারখানা বন্ধ থাকার ফলে মহাসড়কে গাড়ি ও যাত্রীদের চাপ একেবারেই কম। এজন্য মধ্যরাতে যে সকল যানবাহন মহাসড়কে প্রবেশ করেছে তাদের মানবিক কারণে গন্তব্যে যেতে দেয়া হচ্ছে। তবে দুপুরের পর থেকে মহাসড়কে কঠোর অবস্থানে যাওয়ার কথা জানান তারা।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি শফিকুল ইসলাম ও এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাতের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
হাসান সিকদার/বার্তা বাজার/এসজে