মাদারীপুরের কালকিনিতে কুকুড়ের কামড়ে আহত হয়ে নয়ন পাল (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। এদিকে তার মৃত্যুর শোক সইতে না পেরে একইদিন দুপুরে বিষপান করেন তার মা মেঘনা পাল (৬০)। শুক্রবার (২৩ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
নিহত নয়ন কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদির গৌতম পালের ছেলে। তিনি একটি ওষুধের ফার্মেসিতে কাজ করতেন।
জানা যায়, ১৭ দিন আগে নয়নকে একটি পাগলা কুকুরে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসায় তার অবস্থার কিছুটা উন্নতি হলে বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যু শোক সইতে না পেরে তার মা মেঘনা পাল বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ শুক্রবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে তাদের প্রতিবেশি দিদার হোসেন জানান, ছেলে নয়নের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মেঘনা পাল। বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার মৃত্যু হয়েছে। নয়নের বাবা ২০ বছর আগে মারা গেছেন। তার মা তাকে লালন পালন করে বড় করেছিলেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা বাজার/এসজে