তারেক রহমান মুচলেকা দিয়ে নির্বাসনে গেলেন কেন: সেতুমন্ত্রী

বিএনপি নেতা তারেক রহমান মুচলেকা দিয়ে কেন নির্বাসনে গেলেন ও দেশে জেল-জুলুমের ভয় করলে বিএনপি কেন রাজনীতি করছে এসব প্রশ্ন রেখে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে বোকা বানানোর দিন এখন আর নেই।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নাই বলেই বিএনপি ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে। নির্বাচন ও আন্দোলনে বারবার পরাজিত বিএনপির নেতারা এখন মিডিয়ায় বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ। বিএনপির প্রতি জনগণের আস্থা নেই বলেই এখন তারা এটা সেটা বলে মাঠ গরম করার অপচেষ্টা করে যাচ্ছে কর্মীদের চাঙা রাখার জন্য।

সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ কষ্টে আছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের ওপর দোষ চাপাচ্ছে। দেশের মানুষ ভালো আছে বলে বিএনপির গায়ে জ্বালা বাড়ায়। সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই এদেশ মুক্তিযুদ্ধে বিজয়ী হয়, দেশ স্বাধীন হয়। এ দেশের সকল অর্জন এবং মানুষের সুখ- দুঃখের সাথে রয়েছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয় বরং বিএনপিই এদেশে প্রতিহিংসার রাজনীতির পথপ্রদর্শক।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর