বেপরোয়া গতির মোটরসাইকেল: ছাত্রদল ও ছাত্রলীগের ২ নেতা নিহত

কক্সবাজারের হিমছড়িতে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ ও ছাত্রদলের ২ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঈদের দিন (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার সিটি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কফিলউদ্দিন রিফাত ও কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফ চৌধুরী। দুর্ঘটনায় নিহত কফিল উদ্দীন ওরফে রিফাত (২০) কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর এলাকার মো. ওসমানের ছেলে এবং মোহাম্মদ আসিফ (২৩) কলাতলী এলাকার জালাল আহমেদের ছেলে।

আহতদের মধ্যে একজন হলেন, কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর এলাকার মো. ছলিমুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়া আহতদের মধ্যে অন্য দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মিজানুল হক জানান, রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সেনাক্যাম্প সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল দুটির ৫ জন আরোহী আহত হয়। পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা।

কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই রিপন চৌধুরী জানান, দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুইজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর