টিকা নেওয়ার পর জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সামান্য জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২১ জুলাই) রাতে গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার সাথে দেখা করতে যান মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির ৬ সদস্য।

এক বছর পর ঈদের দিনে খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর মির্জা ফখরুল জানান, আমরা যেটা বরাবরই বলে আসছি এবং চিকিৎসকদের যেটা পরামর্শ, সেটা হলো তার উন্নত চিকিৎসা দরকার, উন্নত সেন্টারে। এটা খুবই বেশি প্রয়োজন তার।

মির্জা ফখরুল বলেন, প্রকৃতপক্ষে এক বছর পরে আমরা সবাই একসাথে ঈদের দিন ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি।

দেশবাসীর জন্য খালেদা জিয়ার কোনো বার্তা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, দেশবাসীর কাছ থেকে তিনি দোয়া চেয়েছেন এবং ঈদের দিনে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনা থেকে যাতে দেশ মুক্ত হতে পারে, সেজন্য আল্লাহতালার কাছে তিনি দোয়া চেয়েছেন।

বুধবার রাত ৮টায় মির্জা ফখরুলের নেতৃত্বে দেখা করতে যান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

এক ঘন্টা ওই বাসায় অবস্থানকালে তাদের সাথে ছিলেনখালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনও তাদের সঙ্গে ছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর