রংপুরের তারাগঞ্জে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে । এ সময় দুই বাসের আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২১ জুলাই) দুপুরে তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। পরবর্তীতে হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যান আরও এক নারী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সহ হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং হতাহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে উদ্ধার অভিযান চলছে এবং হতাহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
রকি আহমেদ/বার্তা বাজার/এসজে