ঈদেও সবাইকে করোনা বিষয়ে সচেতন থাকার আহ্বান সেতুমন্ত্রীর
ঈদের উচ্ছ্বাস যেন উদাসীন করে না তুলে এবং উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয় সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২১ জুলাই) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে শুভেচ্ছা জানানোর সময় তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ভুলে গেলে চলবে না-প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধকল্পে আমাদের লড়াই চলমান। তাই মনে রাখতে হবে উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন ভয়াবহ উদাসীন করে না তুলে এবং উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়।
অদৃশ্য শত্রু করোনায় বদলে দেয়া দৃশ্যপটের কঠিন বাস্তবতায় ঈদ উদযাপনের এ সময়ে দেশের জনগণ ও দলের নেতা-কর্মীদের আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন,আসুন আমরা সর্বোচ্চ সতর্কতায় ঈদ উদযাপন করি এবং সর্বোচ্চ সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলি। জীবনবোধের ডালপালা সাজে উৎসবের বর্ণিলতায় করোনা বদলে দিয়েছে আমাদের চিরচেনা জগৎ, তবুও জীবন এগিয়ে যায় জাগতিক নিয়মে।
সকলকে শতভাগ মাস্ক পরিধানসহ একে অপরের প্রতি সর্বোচ্চ সহমর্মি হওয়ার আহবান জানিয়ে সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, করোনার এই মহামারিতে ঈদ উদযাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন, তবুও জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সংকট উত্তরণের চ্যালেঞ্জ। আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দ্বীপ শিখা এবং দুর্যোগ আর ঘোর অমানিশায় আস্থার আলোকবর্তিকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
তিনি বলেন, সবার অব্যাহত সহযোগিতা ও স্রষ্টার অসীম কৃপায় শেখ হাসিনার নেতৃত্বে এ আঁধার কেটে আশার আলোকিত ভোরে নোঙর করবো ইনশাআল্লাহ। আমরা ফিরে পাবো চিরচেনা জগৎ এবং ফুলের সৌরভ ছড়ানো সকাল,পাখ-পাখালির কলকাকলি মুখর দিবস আর জ্যোছনালোকিত রজনী।
বার্তা বাজার/এসজে