ঈদে আতশবাজি নিয়ে সংঘর্ষে বন্ধুর হাতে বন্ধু খুন, গ্রেফতার ৩

রাজশাহীর চারঘাটে ঈদ উপলক্ষে আতশবাজি নিয়ে সংঘর্ষে আশিক ইসলাম (২০) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২০ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়।

নিহত আশিক ইসলাম উপজেলার চারঘাট পৌরসভার মেরামাতপুর গ্রামের আসলাম আলীর ছেলে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- নিহত আশিক ইসলামের বন্ধু উপজেলার চন্দন শহর গ্রামের আশিক আলীর বাবা কালাম আলী, মা আরিফা বেগম ও বড় ভাই আরিফ। ঘটনার মূল আসামি আশিক আলী ও নিহত আশিক ইসলাম এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জুলাই) রাত ৮টার দিকে নিহত আশিক ইসলাম ও তাঁর বন্ধুরা স্থানীয় কাঁকরামারী বাজারে আতশবাজি কিনতে যায়। আতশবাজি নিয়ে ফেরার পথে তাঁদের আরেক বন্ধু আশিক আলী সঙ্গে দেখা হয়। এ সময় আশিক ইসলাম ও তাঁর বন্ধুদের কাছে থেকে মজার ছলে আতশবাজি কেড়ে নিয়ে পালিয়ে যায় আশিক আলী।

পরে রাত ১০টার দিকে আশিক ইসলাম ও তাঁর বন্ধুরা কয়েকজন মিলে চন্দন শহর গ্রামে আশিক আলীর বাড়িতে যায় আতশবাজি উদ্ধার করতে। এ সময় দুই আশিকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আশিক ইসলাম ও তাঁর বন্ধুরা আশিক আলীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আশিক আলী ও আশিক ইসলাম দুজনই আহত হয়। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে আশিক ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় আশিক আলীর বাবা কালাম আলী, মা আরিফা বেগম ও বড় ভাই আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, আতশবাজি নিয়ে সংঘর্ষের ঘটনায় আশিক ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

নবী আলম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর