ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজটে আটকে ঈদের আনন্দ ম্লান হয়েছে অসংখ্য ঘরমুখী মানুষের। মঙ্গলবার (২০ জুলাই) সৃষ্টি হওয়া যানজট ছেড়েছে ঈদের দিন বুধবার (২১ জুলাই) সকালের দিকে। এতে ঈদের দিন সকালেও যানজটে আটকে থাকতে হয়েছে ঘরমুখী মানুষদের। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে না পেরে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, অতিরিক্ত যানবাহন, এলেঙ্গা থেকে দুই লেন ও সড়ক দুর্ঘটনার কারণে ঈদুল আজহাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই এ মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার ভোরেও যানজটের সৃষ্টি হয়। এরপর জট কিছুটা খুললেও দুপুর থেকে ফের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ জট খোলে আজ সকাল ৮টার দিকে। ফলে সড়কে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ঘরমুখী মানুষদের।
এদিকে যানজটে খাবার, প্রস্রাব ও পায়খানা নিয়ে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। ফলে সড়কে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়। বর্তমানে উত্তরবঙ্গের দিকে যাত্রীবাহী পরিবহনের চেয়ে পশুবাহী ট্রাকের চাপ রয়েছে বেশি। চরম দুর্ভোগে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর আবুল কালাম জানান, গতকালের যানজট ছেড়েছে বুধবার সকাল ৮টার দিকে। এখন সড়ক স্বাভাবিক। তবে উত্তরবঙ্গমুখী পশুবাহী ট্রাকের চাপ রয়েছে। তিনি আরও জানান, আমাদের এসপি স্যারও মোটরসাইকেলযোগে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরছেন। যাতে সড়কে যাত্রীদের কোনও সমস্যায় পড়তে না হয়।
হাসান সিকদার/বার্তা বাজার/এসজে