বাড়ির সামনে বর্জ্য থাকলে আরও রেখে আসা হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি এলাকায় কোনো বাড়ির সামনে কোরবানির পশুর বর্জ্য ফেলে না রাখতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। কেউ যদি ময়লা ফেলে রাখে তাহলে ডিএনসিসির ময়লার গাড়ি বেশি পরিমাণ বর্জ্য সেখানে ফেলে আসবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

মঙ্গলবার (২০ জুলাই) রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে বাইপ্যাপ এবং হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই হুঁশিয়ারি উচ্ছারণ করেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, কোরবানির পশুর বর্জ্যে যাতে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি না হয়, সেজন্য ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে নগরবাসীর মধ্যে এরই মধ্যে ছয় লাখ ৫০ হাজার বর্জ্য ব্যাগ, ৫০ মেট্রিক টন ব্লিচিং পাউডার এবং পাঁচ লিটার আয়তনের ১০০৫ ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছ। সুতরাং, বাড়ির সামনে কোরবানির বর্জ্য না ফেলার অনুরোধ করছি। অন্যথায় ডিএনসিসির ময়লার গাড়ি বেশি পরিমাণ বর্জ্য সেখানে ফেলে আসবে।

তিনি বলেন, ঈদুল আজহায় স্থানীয় কাউন্সিলরসহ সবার আন্তরিক সহযোগিতায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। তিনি বলেন, বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ১১ হাজার ৫০৮ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, কোরবানি পশুর বর্জ্য অপসারণে গুলশানের নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হলো- ০২৫৮৮১৪২২০, ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর