চালককে জবাই করে হ্যালোবাইক ছিনতাই, গাড়ি উদ্ধারসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জের সিংগাইরে হ্যালো বাইক চালককে জবাই করে হ্যালোবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ছিনতাই ও হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার(১৯ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-ধল্লা সড়কের হঠাৎপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত হ্যালো বাইক চালক মোঃ সোহান মিয়া (১৭) উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, প্রতিদিনের মত সোমবার বিকেলে হ্যালো বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় নিহত সোহান। কয়েকজন দুর্বৃত্ত খাসেরচর বাজার হতে ধল্লা বাজার যাওয়ার জন্য হ্যালো বাইকটি ভাড়া নেয়। ধল্লা-খাসেরচর সড়কের হঠাৎপাড়া এলাকার মাঝপথে পেঁপে বাগানের ফাঁকা চকে চালক সোহানকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ফেলে দেয়। এরপর হ্যলো বাইকটি নিয়ে তারা ঢাকার দিকে পালিয়ে যায়।

সিংগাইর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এ ঘটনায় সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থল পরির্দশন করেছেন।

ঘটনার দুই ঘন্টার মধ্যে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক ও সিংগাইর থানার ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম, এসআই রহিম, এসআই আলমগীর, এসআই তরিকুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালান। পরে সাভারের তেঁতুলঝড়া এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ছিনতাই হওয়া হ্যালোবাইকটি উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, গ্রেফতারকৃত ৩ জন ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন।

মিলন মাহমুদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর