রাত পোহালেই বুধবার (২১ জুলাই) সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। প্রাণঘাতী করোনার প্রকোপে আগে হয়ে যাওয়া ৩ ঈদের মতো এবারও ঈদে থাকছে নানা সীমাবদ্ধতা। পাশাপাশি রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও। তবে সারাদিন টানা বৃষ্টি থাকবে না। সকালের দিলে রোদ থাকতে পারে, পরমুহুর্তে বৃষ্টির আশঙ্কা থাকলেও তা টানা স্থায়ী হওয়ার আশঙ্কা নেই। কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে।
সোমবার (১৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস তালুকদার ঈদের দিনের আবহাওয়া সম্পর্কে গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, এখন বর্ষকাল। প্রতিদিনই দেশের অধিকাংশ স্থানে কমবেশি বৃষ্টি হচ্ছে। আগামাী কয়েক দিনও বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ হিসাবে ঈদের দিনও বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এখন পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঈদের দিন রোদ ও বৃষ্টি উভয়ের দেখা পাওয়া যেতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় সকালের দিকে রোদের দেখা মিলতে পাারে। এ ছাড়া সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর আগে, আবহাওয়ার অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, আগামী পাঁচদিনে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দেশের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়াও গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত তাড়াশে সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, এদিকে চলতি সপ্তাহেই চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বার্তা বাজার/এসজে