গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যান চাপায় নিহত হয়েছেন শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন (৪৭)। সোমবার (১৯ জুলাই) দুপুরে মহাসড়কের গড়্গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন উপেজলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের আবদুল কাদেরের ছেলে।
জানা যায়, দুপুরের দিকে মোটরসাইকেল চালিয়ে গড়্গড়ীয়া মাস্টারবাড়ি এলাকার জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় ডিভাইডার পার হয়ে পাশের সড়কে নামতেই একটি দ্রুত গতির বেপরোয়া কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে। তবে ওই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বার্তা বাজার/এসজে