মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনে বিশেষ নির্দেশনা দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। সোমবার (১৯ জুলাই) গণবিজ্ঞপ্তি জারি করেছে নগর পুলিশ।
আরএমপি অতিরিক্ত উপ-কমিশনার (সদর) ও নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চিঠির মর্মানুযায়ী এ বছর পবিত্র ঈদুল আজহায় নামাজের জামাত স্বাস্থ্যসেবা বিভাগ জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ঈদের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি/ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন ও জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারি বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া ঈদের নামাজের আগে নামাজের স্থান জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করা, মসজিদ/ঈদগাহে স্যানিটাইজারের ব্যবস্থা করা, কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা ও এক কাতার ব্যবধান রেখে দাঁড়ানো, জামাত শেষে পরস্পর কোলাকুলি ও হাত মেলানো সম্পূর্ণরূপে পরিহার করতে বলা হয়েছে।
বার্তা বাজার/এসজে