সরকারি চাল চুরি: নিজেদের নির্দোষ দাবি করছেন মেম্বাররা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন পরিষদে ভিজিএফ ও জিআর চাল বিতরণসহ নানা অনিয়মের অভিযোগে নিজেদের নির্দোষ দাবি করে ওয়ার্ড প্রতিনিধিদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ জুলাই) সকাল ১১ টায় চরহাজারী ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড প্রতিনিধিদের সংবাদ সম্মেলনেটির আয়োজন করা হয়।

তখন প্যানেল চেয়ারম্যান আবদুর রহিম মানিক বলেন, ভিজিএফ ও জিআর কার্ডের ১ হাজার ৬২৪ টির মধ্যে আমাদেরকে প্রায় ৯০০টির মত কার্ড দিলেও বাকি ৭০০টির মত কার্ড চেয়ারম্যান নিজের জন্য রেখে দিয়েছেন। আমাদের সাথে চেয়ারম্যানের কোনো সমন্বয় হয়নি। ইউনিয়ন পরিষদে কোনো মিটিং বা আলোচনাও হয়না। ঢাকায় বসে ফোনে নিজের মত করে সচিবকে দিয়ে তিনি সব পরিচালনা করছেন।

আক্ষেপ করে ১ নম্বর ইউপি সদস্য এনায়েত হোসেন ছোটন বলেন, আমাদের জন্য সরকারি ভাতা ৮ হাজার টাকা নির্ধারণ করা হলেও আমরা ইউনিয়ন পরিষদ থেকে কোনো ভাতা পাইনা। শুধু উপজেলা পরিষদ থেকে ৩ হাজার ৬ শত টাকা দেয়া হয়।

এছাড়াও ইউনিয়ন পরিষদে প্রকল্পের কাজগুলো সদস্যদের না দিয়ে ভূয়া সাইন ব্যবহার করে চেয়ারম্যান নিজেই বাস্তবায়ন করার অভিযোগসহ তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা বলায় ৫ নম্বর ওয়ার্ড প্রতিনিধি মুনির আহমদের ছেলেকে দুইবার হামলাসহ হুমকি-ধমকির অভিযোগও করেন তারা।

এসময় প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের সবুজ ও সচিব মোঃ নিজাম উদ্দিনের বিরুদ্ধে প্রত্যেক কার্ডধারীকে ১০কেজির স্থলে ৭/৮কেজি করে চাল বিতরণ করার বিষয়ে জানতে চাইলে মানিক মেম্বার বলেন আমার উপস্থিতিতে এমন কিছু হয়নি।

চাল বিতরণে অনিয়মের বিষয়ে চেয়ারম্যান নুরুল হুদার সাথে কথা বলতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত চাকমা জানান, ১০ কেজি করেই চাল বিতরণ করতে হবে। কম দেয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ সত্য হলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর