ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সঙ্গী ও ইয়াবাসহ আটক

কুষ্টিয়ায় ইয়াবা ও মোটরসাইকেলসহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন (৪০) এবং সোহেল রানা নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জুলাই) সকালে চৌড়হাস ফুলতলা এলাকা থেকে তাদের দুজনকে আটক করে মডেল থানা পুলিশ।

আটকৃতরা হলেন চৌড়হাস ফুলতলার আব্দুল খালেক মাষ্টারের ছেলে আব্দুল আল মামুন ও হাটশ হরিপুর এলাকার মেজবার বিশ্বাসের ছেলে সোহেল রানা।

এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তারা দুজন খুব চালাক হওয়ার কারণে ধরতে একটু সময় লেগেছে। তবে অপরাধ যেই করুক না কেন আইন তাদের ছাড় দেবে না।

কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় সহযোগিতায় এসআই(নিঃ) রুবেল হোসেন, সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ীদেরকে ধরতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে ৭০ পিচ হালকা গোলাপী রংয়ের অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট এবং ১টি লাল কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

টুটুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর