প্রকৃতির রাণী চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণ বন্ধের আবেদন জানিয়ে এক আইনজীবীর করা মামলায় ১৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
সোমবার (১৯ জুলাই) চট্টগ্রাম সিনিয়র সহকারী জজ ১ নম্বর আমলি আদালতের বিচারক রুবায়েত ফেরদৌস মামলার ১৬ জন বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন।
মামলার বিবাদীরা হলেন, মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সিডিএ’র সচিব, ওয়াসার সচিব, পিডিবির প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, চসিকের সচিব, ফায়ার সার্ভিসের উপ পরিচালক, বিস্ফোরক দ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সচিব, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম, এস্টেট অফিসার, সভাপতি/সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, জেলা প্রশাসক ও সিএমপি কমিশনার।
মামলার বাদী এডভোকেট সানোয়ার হোসেন লাভলু বলেন, ‘ নগরীর সিআরবি হলো প্রকৃতির এক অপরূপ দান। নানান ঐতিহ্য আর সৌন্দর্যে ঘেরা এই সিআরবি এলাকা। এটা চট্টগ্রামের প্রাণের স্পন্দন। এছাড়াও এখানে রয়েছে মুক্তিযোদ্ধাদের কবর। তাই এখানকার প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় হাসপাতাল নির্মাণ বন্ধের আবেদন করে ১৬ জনকে বিবাদী করেছি। আদালত প্রত্যেকের বিরুদ্ধে সমন জারি করেছেন।’
উল্লেখ্য, এরআগে গত ১৪ জুলাই সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে অন্য কোথাও নির্মাণের উদ্যোগ নিতে মন্ত্রিপরিষদ সচিবসহ ৮ জনকে নোটিশ দেওয়া হয়েছিল। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ট্রাস্টি আইনজীবী জিয়া হাবীব আহসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিমের দেওয়া এই নোটিশে বিবাদী করা হয়েছিল, মন্ত্রিপরিষদ সচিব, রেল সচিব, রেলওয়ের ডিজি, রেলওয়ের পূর্বাঞ্চল জোনের জিএম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির সিইও, পরিবেশ অধিদপ্তরের ডিজি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যন ও চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারকে। তাদের সাত দিনের সময় দিয়ে জবাব দিতে এ নোটিশ পাঠানো হয়।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে