মাদারীপুরের রাজৈরে গরু বোঝাই ট্রাকের চাপায় ফিরোজ আলম (৫৮) নামে একজন নিহত হয়েছে। এসময় বশির আহম্মেদ (২৭) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।
রোববার (১৮ জুলাই) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বাসষ্ট্যান্ড গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাদবখালী গ্রামের মৃত আলী আজম খানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দাড়িয়ে থাকা বরগুনাগামী মেঘনা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসকে বরিশালগামী গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ফিরোজ নিহত হয়।
একইসাথে উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার শ্রমিক বশির গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল্লাহ আল-মামুন জানান, ট্রাকটি ঢাকা থেকে এসেছে। নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেওয়ায় একজনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/এসজে