ময়মনসিংহের গফরগাঁওয়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই যুবকের মৃত্যতু হয়েছে। সোমবার (১৯ জুলাই) ভোরে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে এই ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত যুবকদের পরিচয় পাওয়া যায়নি।
র্যাবের দাবি, নিহত দুই যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানে এসময় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধারের পাশাপাশি নিজেদের দুই সদস্য আহত হওয়ার দাবি করেছে র্যাব।
র্যাব জানাচ্ছে, ভোরের দিকে বারইল গ্রামে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিলেন ডাকাতির জন্য। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল ঘটনাস্থলে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকতরা। পাল্টা গুলি চালালে ডাকাতদল পালিয়ে।
পরে ঘটনাস্থল তল্লাশি করে আহত অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাতকে উদ্ধার করা হয়। তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ওই দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বার্তা বাজার/এসজে