খুব দ্রুত ভারতের টিকা পাবে বাংলাদেশ: বিক্রম দোরাইস্বামী
বাংলাদেশের চুক্তি অনুযায়ী বাকি টিকা খুব শিগগির কীভাবে দেওয়া যায় সেই চেষ্টাই চলছে বলে জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ বিষয়ে আলোচনা করতেই তিনি নিজ দেশে যাচ্ছেন।
রোববার (১৮ জুলাই) সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় বিক্রম দোরাইস্বামী আরও বলেন, আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ করোনাভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। এটি ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থাও উন্নত হয়েছে। এতে বাংলাদেশের রফতানি বেড়েছে, ভারতেরও রফতানি বেড়েছে। এটি সবার জন্যই ভালো।
সস্ত্রীক বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সকাল ৮টা ৪৮ মিনিটে আখাউড়া ইমিগ্রেশনে পৌঁছায়। এ সময় চেকপোস্টে বিক্রম দোরাইস্বামীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও ওসি মিজানুর রহমান, ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।
বার্তাবাজার/পি