শেখ হাসিনার মানবিক সহায়তা বিশ্বে অনন্য দৃষ্টান্ত- কৃষিমন্ত্রী
করোনাকালে অসহায়, গরীব-দুস্থ, খেটে খাওয়া ও কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খাদ্য ও নগদ অর্থসহ মানবিক সহায়তা দিচ্ছেন তা সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, করোনার সংক্রমণরোধে আরোপিত লকডাউনে শ্রমজীবী ও স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর আয়ের পথ সংকুচিত হয়েছে। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার শুরু থেকেই খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে অব্যাহত ভাবে দেশের মানুষের পাশে আছেন বলেছন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
শনিবার (১৭ জুলাই) মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় গরীব অসহায় ব্যক্তি, দুস্থ পরিবার ও উপকার ভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশে খাদ্য নিয়ে কোন হাহাকার নেই। এই ঈদুল আযহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটির বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন। ঈদ পরম আনন্দ ও খুশির দিন। প্রধানমন্ত্রী চান, এই দিনে কোন ক্রমেই দেশের একটি মানুষকেও যেন না খেয়ে থাকতে না হয়।
খাদ্যের অভাবে একটি মানুষেরও ঈদ আনন্দ যাতে ম্লান না হয়। তাই প্রধানমন্ত্রী প্রতিবছরের মতো এবারও ঈদের আগে অসহায় ব্যক্তি ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ।
হাসান সিকদার/বার্তা বাজার/টি