একনজরে খুররম খান চৌধুরীর রাজনৈতিক জীবন

বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন তিনি।

দীর্ঘদিন ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত ৮ জুলাই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত ১৪ জুলাই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

খুররাম খান চৌধুরী নান্দাইলের একটি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ময়মনসিংহ উত্তর আহ্বায়ক, নান্দাইল উপজেলা শাখার সভাপতি।

তিনি দলবদলের মাধ্যমে বিএনপি থেকে জাতীয় পার্টি এবং পুনরায় বিএনপিতে যোগ দেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে ময়মনসিংহ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৮ আসন থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আবারও বিএনপিতে যোগ দেন।

সর্বশেষ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালের সপ্তম ও ২০১৮ সালের এদাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে পরাজিত হয়েছিলেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর