দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র যানজট: ভোগান্তিতে সাধারণ মানুষ

কঠোর বিধিনিষেধ শিথিলের তৃতীয় দিনেও নদীর তীব্র স্রোত, ঢাকামুখী কোরবা‌নির পশুবা‌হি ট্রাক ও যাত্রীবাহী যানবাহ‌নের বাড়‌তি চাপে দৌলতদিয়া সড়কে পাঁচ কিলোমিটার এলাকায় পশু ও যাত্রীবাহী যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-খুলনা মহাসড়কে আটকে রয়েছে সাড়ে পাঁচ শতাধিক যানবাহন ফলে চরম ভোগান্তিতে পড়েছে পশু ও মানুষ।

সরেজমিনে শনিবার ( ১৭ জুলাই) দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট হতে মহাসড়কের গোযালন্দ পদ্মার মোড় পর্যন্ত পশুবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও ঘাট থেকে ১৪ কিলোমিটার দুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর পর্যন্ত অপচনশীল পণ্যবাহি ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরি পাড়ের অপেক্ষায় রয়েছে।

এদি‌কে তীব্র গর‌মে ঘন্টার পর ঘন্টা সড়‌কে আট‌কে থে‌কে অ‌নেক গরু অসুস্থ হ‌য়ে পড়‌ছে এবং সড়‌কে আটকে থে‌কে ভোগা‌ন্তি পোহা‌চ্ছে বা‌সের চালক ও যাত্রীরা। এছাড়া পশুবা‌হি, য‌াত্রীবা‌হি ও জরুরী কাঁচাপণ্যের যানবাহনের চাপে পন্যবা‌হি অন্যান্য ট্রাক গু‌লো‌কে দি‌নের পর দিন অ‌পেক্ষা করতে হচ্ছে।

গবাদিপশুবাহী ট্রাক চালক মিলন বলেন, মাগুরা থেকে রাত ১১টার সময় দৌলতদিয়া ঘাটে এসেছি। ৯ ঘণ্টা কেঁটে গেলেও এখনো ফেরির দেখা পর্যন্ত পাইনি। ফেরিতে উঠতে আরো কত সময় লাগবে জানিনা। তিনি আরো বলেন, তীব্র গরমে গবাদিপশুগুলো ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে হাঁপিয়ে যাচ্ছে । এতে গরুগুলো অসুস্থ্য হয়ে পরছে।

বোয়ালমারী থেকে আসা গরুর ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, গরু নিয়ে ঢাকায় যাচ্ছি। রাতে ঘাটে এসেছি, প্রচুর গাড়ির চাপ থাকায় এখনো (সকাল ৮টা) ফেরির নাগাল পাইনি । প্রচন্ড গরমে গরুসহ আমরা অসুস্থ হয়ে পড়ছি। জানিনা কখন ফেরি পাব।

গোপালগঞ্জ হতে আসা বাস চালক টিপু বলেন, আমাদের কষ্টের শেষ নেই, সারারাত ঘাটেই কাটাতে হয়। রাতে ঘাটে এসেছি এখন সকাল ৮টা বাজে ফেরির কাছেও যেতে পারিনি। ঘাটে কোন না কোন দূর্ভোগ থাকবেই। যাত্রীরা বাসে বসে থাকতে থাকতে ক্লান্ত হচ্ছে।

গোয়ালন্দ মোড়ে আটকে থাকা পণ্যবাহি ট্রাকের চালক ইসলাম শেখ জানান, দৌলতদিয়া ফেরি ঘাটে দুইটি বড় বড় টার্মিনাল থাকতে এখানে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় আছি। এখানে নেই কোন খাবার হোটেল, টয়লেট ও গোসলের ব্যবস্থা। সড়কে ঘন্টার পর ঘন্টা থাকতে হচ্ছে আমাদের। জানিনা কখন ফেরিতে নাগাল পাবো।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোর‌শেদ আলম ব‌লেন, স্রো‌তে ফে‌রি চলাচল ব্যহত হ‌চ্ছে। এছাড়া য‌াত্রীবা‌হি প‌রিবহ‌নের পাশাপা‌শি পশুবা‌হি ট্রা‌কের চাপ বে‌ড়ে‌ছে। যে কার‌ণে দৌলতদিয়ায় সি‌রিয়াল তৈরি হ‌য়ে‌ছে। বর্তমা‌নে এরুটে ছোট বড় ১৬টি ফে‌রি চলাচল কর‌ছে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর