স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য নির্ধারিত বেড খালি নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
শনিবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের লেখা সার্জারি বিষয়ক ‘খুরশীদস ডিকোডিং সার্জারি’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন তিনি।
তিনি বলেন, আসন্ন কোরবানি ঈদ ও মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শিথিলের নির্দেশনা দিয়েছেন। আশা করব, ঈদের এই কয়েকটা দিন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ বাড়তে থাকায় এরই মধ্যে সব শয্যা রোগীতে পূর্ণ হয়ে গেছে। সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় ফিরবেন সবাই।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন আরও চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নিয়োগ যতই দেই না কেন, যদি সংক্রমণ হার তিন থেকে চারগুণ বেড়ে যায় তখন সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কাজেই আপনারা সমালোচনা যাই করেন, এটাই বাস্তবতা।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনসহ বিভিন্ন মেডিকেল কলেজের সার্জনরা।
বার্তা বাজার/নব