দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই: কৃষিমন্ত্রী

দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই বলে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, করোনাকালে অসহায়, গরিব-দুঃস্থ, খেটে খাওয়া ও কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খাদ্য ও নগদ অর্থসহ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন তা সারা বিশ্বে এক অনন্য নজির।

শনিবার(১৭ জুলাই) ​টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ রোধে আরোপিত লকডাউনে শ্রমজীবী ও স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর আয়ের পথ সংকুচিত হয়েছে। এছাড়া, অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার শুরু থেকেই খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে অব্যাহতভাবে এসব মানুষের পাশে আছেন।

তিনি আরও বলেন, দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই। তারপরও এই ঈদুল আজহাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটির বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন। ঈদ পরম আনন্দের ও খুশির দিন। প্রধানমন্ত্রী চান, এই দিনে কোনোভাবেই যাতে দেশের একটি মানুষকেও না খেয়ে থাকতে না হয়; খাদ্যের অভাবে একটি মানুষেরও ঈদ আনন্দ যাতে ম্লান না হয়। তাই, প্রধানমন্ত্রী প্রতিবছরের মতো এবারও ঈদের আগে অসহায় ব্যক্তি ও দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর