শিগগিরই সীমান্তে ভারত-বাংলাদেশের মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে যে প্রতিজ্ঞা রয়েছে তা যদি মেনে চলা হয় তাহলে শিগগিরই ভারত-বাংলাদেশ সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১৭ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে অনেকের বাড়ি। অনেকে সীমান্ত এলাকায় আত্মীয়তার সূত্রে যাতায়াত করে। এ কারণে অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, দুই দেশের মন্ত্রী পর্যায়ে ও বিজিবি-বিএসএফ পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। আমরা সীমান্তে বর্ডার সার্ভেইলেন্স সিস্টেম (নজরদারি পদ্ধতি) উন্নত করেছি। শুধু তাই নয়, আধুনিক ইক্যুইপমেন্ট, যান সংযোগ করেছি। আধুনিক প্রযুক্তি দিয়ে বিজিবিকে সমৃদ্ধ করেছি।
সীমান্তে চোরাচালানের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ থেকে ১৫ বছর আগে সীমান্তে যে ধরণের চোরাচালান ছিল তা এখন নেই। সব ধরনের চোরাচালান আমরা শূন্যের কোঠায় নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
বার্তা বাজার/নব