কানের ৭৪ তম আসরে সম্মানজনক জায়গা পাওয়া বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে মার্কিন পত্রিকা হলিউড রিপোর্টার–এর ডেব্রা ইয়াং লিখেছিলেন, ‘টাইটেলেই আছে সিনেমার প্রধান চরিত্রের পুরো নাম-ডা. রেহানা মরিয়ম নুর। কিন্তু নামটার অন্তর্নিহিত তাৎপর্য শেষ শটের আগে টের পাওয়া যায় না’।
অন্যদিকে, ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া লিখেছে, একজন নারী হয়ে রেহানা একাই তার ৬ বছর বয়সী মেয়ে এবং তার এক শিক্ষার্থীর পক্ষে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যায়। সিনেমাটির ১৬ জুলাই শেষ দিনে পুরস্কার জয়ের সব রকম সম্ভাবনা আছে। ‘রেহানা’ চরিত্রের ওপর জোর দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ভ্যারাইটি।
বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল সুসংবাদ শোনার জন্য। তবে কানে শেষ হাসি আর হাসতে পারল না ‘রেহানা মরিয়ম নূর’। পুরস্কার জয়ের আনন্দে ভাসা হলো না আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও আজমেরী হক বাঁধনের। কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে আঁ সার্তে রিগা বিভাগে দেওয়া ৬টি পুরস্কারের একটিও আসেনি তাদের হাতে। গতকাল রাতে পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এখানে সাদ ও বাঁধনের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক জেরেমি চুয়া ও কারিগরি বিভাগে কাজ করা শিল্পীরা।
৭ জুলাই সাদ-বাঁধন টিমের উপস্থিতিতে ছবিটির প্রথম প্রিমিয়ার হয় সেখানে। এরপর থেকেই কান নদীর তীরে ভেসেছে বাংলাদেশের এই ছবিটির নাম।
আজ রাতে সম্মানজনক কান উৎসবের পর্দা নামবে। ঘোষণা করা হবে এই আয়োজনের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম বিজয়ী ছবির নাম। শেষমেশ কার ভাগ্যে যাবে স্বর্ণ পাম তা আদতে বিচারকদের প্রধান স্পাইক লি এবং তার প্যানেলের বিচারকদের ওপর নির্ভর করছে।
বার্তাবাজার/পি