কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী আশু আলী নিহত

কক্সবাজারে বেশ কয়েকটি হত্যা কান্ডের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও ডজন মামলার আসামি আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি স্যুটারগান, একটি দেশীয় তৈরী এলজি, ২টি গুলি ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) ভোরে কক্সবাজার শহরের ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত আশু আলী কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজারের উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভির হাসান সত্যতা নিশ্চিত করে বলেন- কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় শহরের শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটিদল অভিযান পরিচালনা করে।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশু আলী বাহিনীর সদস্যরা গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে এক পর্যায়ে আশু আলী বাহিনীর সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে একটি স্যুটারগান, একটি দেশীয় তৈরী এলজি, ২টি গুলি ও ৪টি গুলির খোসা ও গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী আশু আলীকে উদ্ধার করা হয়।

পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, নিহত সন্ত্রাসী সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় সংগঠিত হওয়া ডাবল মার্ডার মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর