ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখী মানুষ। শনিবার(১৭ জুলাই) সকাল থেকেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড ভিড় বেড়েছে।
ফেরি ও লঞ্চে যাত্রীদের চাপে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষদের। মাইকিং করা হলেও মানছেনা স্বাস্থ্যবিধি। বিশেষ করে লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ মানছে না শিমুলিয়া-মাঝিরকান্দি-কাওড়াকান্দি লঞ্চ চালক-শ্রমিকেরা। তারা অর্ধেকের বেশি যাত্রী উঠাতে মরিয়া হয়ে উঠেছে। যাত্রীরা নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা না করে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠে পড়ছেন।
ফেরিতেও একই অবস্থা। লঞ্চে জায়গা না পেয়ে ফেরিতেও অনেক যাত্রী পদ্মা পার হচ্ছে। গরু ভর্তি ও পণ্যবাহী ট্রাকসহ ঢাকামুখী যাত্রীও রয়েছে।
শিমুলিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সকাল থেকেই শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণাঞ্চলের দিকে যাত্রা করে ২১ জেলার মানুষ।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের এজিএম (মেরিন) আহম্মদ আলী জানান, শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ১৭টি ফেরির মধ্যে ১৪টি ফেরি সচল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বার্তাবাজার/পি