তাড়াশে পুলিশকে মারধর, আ.লীগ নেতাসহ আটক ৫

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নির্দেশনা অমান্য করে অনুমোদহীনভাবে কোরবানির পশুর হাট বসাতে বাধা দেওয়ায় পুলিশকে মারধরের ঘটনায় উপজেলার বারুহাস ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মারাপিটের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশকে মারধর করার অপরাধে শুক্রবার(১৬ জুলাই) দিবাগত রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ৫ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নুরনবী নামে পুলিশের এক এসআইয়ের সঙ্গে কয়েকজন ব্যক্তি তর্কাতর্কি করছে। এক পর্যায়ে ধাক্কা দিয়ে তাকে পশুর হাট থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন।

ওসি ফজলে আশিক জানান, বারুহাস হাটের ইজারাদার ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা শুক্রবার সরকারি নির্দেশ অমান্য করে বারুহাস বাজার এলাকায় অনুমোদনহীন কোরবানির পশুর হাট বসান। এতে পুলিশ বাধা দিলে হাটের ইজারাদার মাসুদ রানা, তার চার সহযোগী ঝন্টু, রাসেল, আব্দুল হান্নান ও আবু হাসনাত বাবুসহ অজ্ঞাতরা পুলিশের ওপর হামলা চালান ও মারধর করেন। এ অপরাধে তাড়াশ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর