পবিত্র হজ আদায়ের জন্য করোনাভাইরাসের টিকার বাধ্যবাধকতা করা হয়েছে। টিকার ২ ডোজ নেওয়া ব্যক্তিরাই শুধু এবার হজ করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ লাখ ৫৮ হাজার আবেদনকারীর মধ্য থেকে মাত্র ৬০ হাজার এবার হজে অংশ নিচ্ছেন। হজের অনুমতি পাওয়া সবাই টিকা নিয়েছেন। তবে বড় ধরনের স্বাস্থ্য জটিলতা নেই, এমন ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিরাই শুধু সুযোগ পেয়েছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিশেষ ‘স্মার্ট হজ কার্ড’চালু করা হয়েছে এবার।
সরকারি হিসাব অনুযায়ী, গতবার মাত্র ১ হাজার মানুষ হজ করতে পেরেছিল। যদিও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ১০ হাজার মানুষ হজ করেছিল সেবার। তবে স্বাভাবিক সময়ের তুলনায় এ সংখ্যা অনেকটাই নগণ্য।
বিশ্বে করোনা শুরুর আগে ২০১৯ সালে সারা বিশ্বের ২৫ লাখ মানুষ হজ করেছিল। সামগ্রিকভাবে করোনা পরিস্থিতি নিয়ে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই সৌদি আরব। এখন পর্যন্ত সেখানে ৫ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ হাজারের ওপরে। ভাইরাসের প্রকোপ ঠেকাতে এরই মধ্যে ৩ কোটি মানুষকে টিকা দিয়েছে তারা।
এদিকে টানা দুইবার হজ আদায় করতে না পারায় সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে।
বার্তাবাজার/পি