করোনায় সংসারে অভাব: শিশু সন্তান বিক্রি!

টাঙ্গাইলের গোপালপুরে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে অর্থাভাবে ৪৫ হাজার টাকায় বিনিময়ে তিন মাস বয়সী নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ১৬ দিন পর স্থানীয় প্রশাসন শুক্রবার (১৬ জুলাই) শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন।

জানা গেছে, উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সৈয়দপুর পূর্বপাড়া গ্রামের দিন মজুর শাহ আলম ও রাবেয়া দম্পতির তিন পুত্র সন্তান। রাবেয়া বলেন, দিন মজুর স্বামী শাহ আলমের উপার্জনে পাঁচজনের সংসার চলে না। তার মধ্যে করোনায় কয়েকমাস ধরে শাহ আলম বেকার। সংসারে বেশ কিছু ঋণ রয়েছে। পাওনাদাররা প্রতিদিনই সেজন্য তাগাদা দিচ্ছিলেন। হতাশায় স্বামী মাদকে আসক্ত হয়ে পড়ে।

এমতাবস্থায় পাওনা টাকা পরিশোধ ও সংসারের অভাব অনটনের ফলে তিন মাস বয়সী শিশুকে বাইশকাইল গৈজারপাড়া গ্রামের সবুজ মিয়া ও স্বপ্না দম্পতির নিকট ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

এ প্রসঙ্গে গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, সবুজ ও স্বপ্না দম্পতিও নিঃসন্তান। তারা শাহ আলম-রাবেয়া দম্পতির অভাব অনটনের সুযোগ নিয়ে টাকার বিনিময়ে শিশুটি কিনে নেয়।

আদালতের অনুমতি নিয়ে দত্তক নেওয়ার বিধান রয়েছে। কিন্তু তারা সেটি করেনি। এমতাবস্থায় প্রশাসন সবুজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শিশু আলহাজকে উদ্ধার করে মা রাবেয়া বেগমের কোলে পৌঁছে দেয়।

কেউ আগ্রহ প্রকাশ না করায় এবং মানবিক দিক বিবেচনায় থানায় কোন মামলা নেওয়া হয়নি।

এ ব্যাপারে গোপালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক জানান, ঘটনার নেপথ্যে দারিদ্রতা। পরিবারটিকে সার্বিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। রাবেয়া বেগমকে স্থানীয় একটি ক্লিনিকে আয়া পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। নগদ অর্থ ও খাদ্য সহায়তাও দেয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক আতাউল গনি বলেন, ওই শিশুর যাবতীয় ভরণপোষণ ও লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর