আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পশ্চিম শহর ব্রেস্টের একটি মসজিদে ঢুকে আকস্মিকভাবে হামলা চালায় অজ্ঞাত এক সন্ত্রাসী। এ সময় মসজিদে অবস্থানরত ইমাম রশিদ এলজয়সহ কমপক্ষে ৩ জন হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে, বন্দুকবাজদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। তবে ওই হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি এবং এখন পর্যন্ত কেউ গ্রেফতারও হয়নি। বৃহস্পতিবার (২৭ জুন) পশ্চিমের শহর ব্রেস্টের একটি মসজিদ থেকে মুসুল্লিরা আসরের নামাজের পর বের হওয়ার সময় এই হামলা করে অজ্ঞাত সন্ত্রাসী।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ট্যুইট করে জানিয়েছেন, বৃহস্পতিবারের এই শুটিংয়ের পরেই তিনি গোটা দেশের ধর্মীয়স্থানগুলোতে নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন বিপন্মুক্ত।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, হামলার পরেই একটি গাড়িতে চেপে ওই বন্দুকধারী পালিয়ে যায়। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষার কারণে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। এই হামলায় সন্ত্রাসী কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।
পুলিশের একটি সূত্রে দাবি করা হয়, বন্দুকধারীর পরিচয় জানা গেছে। তবে, তার নাম-ধাম মিডিয়াকে জানানো হয়নি।