মঠবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজে জনদুর্ভোগ!
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বার আনি কাছারি সংলগ্ন ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করে এর উপর দিয়ে যানবাহন চলাচল নিষেদ্ধ করেছেন পৌর কর্তৃপক্ষ ।
সাপলেজা মঠবাড়িয়া সড়কের বার আনি কাছারি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সহজ পথ এটি। পৌর শহরের প্রধান সড়কটিতে প্রায়ই যানজট লেগে থাকায় শহরের দক্ষিণে থাকা ২০টি গ্রামের মানুষ বিকল্প পথ হিসেবে এ ব্রিজটি ব্যবহার করে। সম্প্রতি একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে।
হালকা যানবাহনের ভারেই নড়তে দেখা যায়।ব্রিজটির অবকাঠামো দুর্বল হয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এক মাথায় বেড়া দিয়ে আটকিয়ে রাখা হয়েছে।
মঠবাড়িয়া পৌর শহরটি খাল দ্বারা বেষ্টিত। শহরের প্রবেশ পথে ও অভ্যান্তরে রয়েছে ১০টিরও বেশি ব্রিজ ও কালভার্ট। যানবাহন ও পথচারীদের তুলনায় এগুলো খুবই সরু। একদিকে বাইপাস সড়ক না থাকা অন্যদিকে অপরিকল্পিত ব্রিজ ও কালভার্ট নির্মান জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
পৌরসভার ইঞ্জিনিয়ার আবু সালেক জানান, ৩০ বছর পূর্বে নির্মিত এ ব্রিজটি এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পৌর শহরের প্রধান সড়কটিতে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হলে বিকল্প পথ হিসেবে ব্রিজটির উপর যানবাহনের চাপ বাড়ে। এতে মাঝখানে ফাটল ধরে নড়বড়ে হয়ে যায়। পরবর্তী টেন্ডারে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি অন্তর্ভুক্ত করা হবে।
বার্তা বাজার/টি