আবারও প্রায় ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে রাশিয়ার অ্যান্তোভ এন-২৮ যাত্রীবাহী বিমান। স্থানীয় সময় শুক্রবার(১৬ জুলাই) উড্ডয়নের পর সাইবেরিয়ার তোমস্ক এলাকা দিয়ে যাওয়ার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়, কেদরোভি শহর থেকে যাত্রা করে আঞ্চলিক রাজধানী তোমস্কে যাওয়ার সময় বিমানটি নিখোঁজ হয়। বিমানটিতে ১৩ বা ১৭ জন আরোহী ছিলেন। বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।
এর আগে রাশিয়ার এন-২৬ নামের একটি যাত্রীবাহী বিমান ২৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে ওই বিমানের ২৮ যাত্রীর সবাই নিহত হয়েছেন বলে জানা যায়। উদ্ধার কর্মীরা জানান, বিমানটিতে থাকা ৬ জন ক্রু ও ২২ যাত্রীর সবাই প্রাণ হারিয়েছেন। বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরবর্তীতে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির আরোহীদের মধ্যে এক বা দু’জন শিশুও ছিল।
রাশিয়া এক সময় বিমান দুর্ঘটনার জন্য পরিচিত থাকলেও গত কয়েক বছরে দেশটি বিমান চলাচল সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু তারপরও সম্প্রতি বেশ কিছু বিমান দুর্ঘটনার কবলে পড়েছে দেশটি।
বার্তাবাজার/পি